সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ভারতকে ১০২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ১১ রানে ৬ উইকেট হারায় সফরকারী দল। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে ভারতের ইনিংস।
টাইগ্রেস স্পিনাররা সবকটি উইকেটই নিয়েছেন। ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর সর্বোচ্চ ৪০ রান করেন। জেমিমাহ রদ্রিগেজ ২৮, স্বস্তিকা ভাটিয়া ১২ ও শেফালি ভার্মা ১১ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
লেগ স্পিনার রাবেয়া খান তিনটি ও সুলতানা খাতুন দুুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।
টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। আগের ম্যাচে ভারতকে ৯৫ রানে আটকে রেখেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। শেষ টি-টুয়েন্টিতেও সফরকারীদের অল্পতে আটকে জয়ের আশা জাগিয়েছে টিম টাইগ্রেস।







