বৃহস্পতিবার চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় এসেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। ব্যাটিংয়ে টাইগারদের কিছু উন্নতি করেছেন। বোলারদের মধ্যে উন্নতি করেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।
চলতি সিরিজে দ্বিতীয় ম্যাচে বোলারদের তাণ্ডবে ৬ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। ম্যাচের পরদিন প্রকাশিত হল র্যাঙ্কিং হালনাগাদ। ১০ ধাপ লাফিয়ে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ৫৯তম স্থানে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে এসেছেন পেসার নাহিদ রানা, দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছেন তিনি।
বোলারদের মধ্যে দুধাপ পিছিয়ে আটে নেমে গেছেন অধিনায়ক মিরাজ। একধাপ পিছিয়ে ২৯তম স্থানে আছেন তাসকিন আহমেদ। র্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন না হয়ে ৩৯তম স্থানে আছেন শরিফুল ইসলাম। সাত ধাপ পিছিয়ে ৫৫তম স্থানে এখন মোস্তাফিজুর রহমান।
ব্যাটারদের উন্নতি চোখে পড়ার মতো, পাঁচ ধাপ উঠে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ২৭এ আছেন তাওহীদ হৃদয়। ১৪ ধাপ উঠে ৪০এ এখন তানজিদ হাসান তামিম। একধাপ উন্নতি করে ৪৩তম সাবেক অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
তবে এখানেও অবনতি মিরাজের, একধাপ পিছিয়ে ৬৮তম স্থানে তিনি, দুধাপ পিছিয়ে ঠিক তার উপরে আছেন সৌম্য সরকার। লিটন দাস একধাপ এগিয়ে ৮০তে আছেন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন মেহেদী হাসান মিরাজ, দুধাপ নেমে চারে গেছেন। কোন জায়গা পরিবর্তন না করে ৪৩এ আছেন রিশাদ।








