হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হওয়ার ছিল বাংলাদেশের। বৃষ্টিতে ভেসে যায় লড়াই। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম টাইগার্স। অধিনায়ক আকবর আলীর মারকুটে ব্যাটিংয়ে ১৪ রানে জিতেছে লাল-সবুজের দল, জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক লাহিরু দিলশান। নেমে ঝড় তোলেন ওপেনার শেখ হাবিবুর রহমান। ৭ বলে দুটি করে চার-ছক্কায় ২১ রান করেন। রানের খাতা খোলার আগে আউট হন জিসান আলম। তিনে অধিনায়ক আকবর করেন ৯ বলে ৩২ রান, ৪ ছক্কা ও ২ চার।
চারে মোসাদ্দেক হোসেন ও পাঁচে আবু হায়দার রনি ব্যাটে সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক ৬ বলে ৮, আবু হায়দার ১০ বলে করেন ৬ রান। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান তোলে বাংলাদেশ।
জবাবে লঙ্কান ওপেনার থানুকা ডাবারে ৩ বলে ১২ রান করেন। ধনাঞ্জয়া লক্ষণ ১২ বলে ১৮ রান করেন। বাকিদের কেউই পর্যাপ্ত রানের দেখা না পেলে সব উইকেট হারিয়ে ৫.১ ওভারে ৬১ রানে থামে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ২০ রানে ৩ উইকেট নেন মোসাদ্দেক। আবু হায়দার ও তোফায়েল আহমেদ এক ওভার করে ১৫ ও ৮ রানে একটি করে উইকেট নেন।








