ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এই সংক্রান্ত পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে গত ১৯ মে জারি করা সার্কুলারের ক্রমিক নম্বর ২ ও ৩-এর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের ব্যাংক কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত কেবল গত ১৯ মে জারি করা সার্কুলারের উল্লিখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ওই সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং আগের মতোই কার্যকর থাকবে।







