ডারউইন টেস্টের সুখস্মৃতি ম্যাকাইতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জিতে, দ্বিতীয়টিতে ব্যাটিং বিপর্যয় দেখেছে টিম টাইগার্স। ৬৪ রানের গুটিয়ে যায়। মিচেল স্টার্ক ৬ উইকেট নিয়েছেন। জানালেন, দুর্দান্ত বোলিংয়ের পেছনের পরিকল্পনার বিষয়টিও।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা আগে ব্যাটে নেমে ৬৪ রানেই অল আউট হয় বাংলাদেশ। ১০ ওভারে ১২ রান খরচায় ৬ উইকেট নেন স্টার্ক। প্রথম সেশন শেষে তার স্ত্রী এবং উপস্থাপক অ্যালিসা হিলির সঙ্গে সাক্ষাৎকারে বোলিংয়ের পরিকল্পনা জানান এ পেসার।
হিলিকে স্টার্ক বলেছেন ‘এই উইকেটে প্রথমে বোলিং করার সুযোগ পেয়েছি, আসলেই এটা দারুণ ছিল। এখানে অনেকেই বলছিলেন উইকেটটা প্রায় গ্যাবার মতোই। শুরুতে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে, প্রথম সেশনেই ছয়টি উইকেট নিয়ে আমিও মোটেও অসন্তুষ্ট নই।’
‘আমাদের ফুলার লেন্থে বল করার কথাই ছিল। প্রথম টেস্টে তারা (বাংলাদেশ) খুবই ধৈর্য ধরেছে এবং ভালো ব্যাটিং করেছে। বলের লেন্থ একটু সামনে রাখা, বাউন্সার একটু বেশি ব্যবহার করা এবং ক্যাচগুলো ঠিকঠাক ধরা ছিল আমাদের মূল কাজ।’










