ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে লড়বে দুদল। আসন্ন সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর দলে ফিরেছেন এই অলরাউন্ডার। ২০২২ সালের আগস্টে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোসাদ্দেকের পাশাপাশি দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন না তিনি। কিউইদের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
আগামী ৯ জুন সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ১১ জুন দ্বিতীয় এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে লড়বে দুদল। তিনটি ম্যাচই গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টুয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।








