বাঁ-পায়ের কাফ মাসলে চোট, সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে ওঠায় পরে দলে যুক্ত করা হয় তাকে। ম্যাচের আগেরদিন তারকা ব্যাটারকে নিয়ে স্বস্তির খবর দিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক আভাস দিলেন, প্রথম টেস্টেই ফিরছেন উইকেটরক্ষক-ব্যাটার।
বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। আগেরদিন সংবাদ সম্মেলনে লিটনের চোট নিয়ে শান্ত জানালেন, ‘লিটন এখন শতভাগ ফিট।’
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তবু ২৬৩ রান করা গেলেও দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হয়েছে দল। ইনিংস ও ৩৮ রানে হার দেখেছে টিম টাইগার্স। ব্যাটারদের নিয়ে ভয় আছে, লিটন ফেরায় দুশ্চিন্তা কমছে মনে করছেন শান্ত।
‘লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের শক্তি আরেকটু বাড়ছে। ওই জায়গায় ধারাবাহিকতা আছে তার। ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করবে আশা রাখছি। প্রস্তুতি ভালো হয়েছে, এখানে যে কয়দিন আছি।’








