রাত পেরোলেই ২৩ বছরের অপেক্ষা শেষ। দীর্ঘ বিরতি শেষে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার ডারউইন টেস্টের আগেরদিনই একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক প্যাট কামিন্স বললেন, একাদশ সাজানো বেশ কঠিন সিদ্ধান্ত ছিল।
বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। বুধবার প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া)। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কামিন্স।
মূল পেসার স্কট বোল্যান্ডকে ছাড়াই একাদশ গঠন করেছে অজিরা। সেটি নিয়ে কামিন্স বললেন, ‘এটা সবসময়ই একটা বেশ কঠিন সিদ্ধান্ত। বিশেষ করে এধরনের ব্যাপারে যখন স্কটিকে (বোল্যান্ড) ছাড়া, কারণ সামনে অনেক ক্রিকেট আছে। কিন্তু সে নিজের মূল্য এবং কতটা ভালো করছে তা জানে। আমি নিশ্চিত, খুব শিগগিরই সে মাঠে নামবে।’
হ্যামস্ট্রিং চোটের কারণে অ্যাশেজে শেষদিকে খেলতে না পারা স্পিনার নাথান লায়ন ফিরেছেন। ডারউইনে দুই পেস অলরাউন্ডার নিয়ে নামছে অজিরা। এক বছরের বেশি সময় পর একসঙ্গে নামছেন তিন তারকা পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।
কামিন্স বললেন, ‘ওরা দুজনেই (হ্যাজেলউড এবং বোলান্ড) বেশ উঁচু মানের, তাই নয় কি? আমরা প্রায় নিশ্চিত ছিলাম লিওনোকে (লায়ন) দলে দেখবো, তবে সেটা পেসারদের কম্বিনেশ কেমন হবে তা ঠিক করার পর।’
পিচ নিয়ে কামিন্স বলেছেন, ‘এখানে পিচটা দেখলাম, দেখতে ও ছুঁয়ে শক্ত মনে হয়েছে। গতবছর এখানে একটি ‘এ’ ম্যাচ হয়েছিল, ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল। এখন কী আশা করব সেটা জানি না।’








