চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির তুলনার রেকর্ড ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৫ আসরের জন্য মোট পুরস্কার তহবিল হবে ৬৯ লাখ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।
দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ কোটি ৭৭ লাখ টাকা। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলকেও মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে আইসিসি। আট দলের টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ দল পাবে সাড়ে ৩ লাখ ডলার করে (৪ কোটি ২৩ লাখ টাকা)। সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা।
গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, যা ৪১ লাখ ৮ হাজার টাকা। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের থাকবে না। টুর্নামেন্টের আট দলই এমনিতে ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (১ কোটি ৫১ লাখ টাকা)।
২০১৭ সালে সবশেষ হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসির টুর্নামেন্টটি। ১৯ ফেব্রুয়ারি থেকে গড়াবে টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে আসরের।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।








