বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরো আসরে অসাধারণ খেলেছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। গ্রুপপর্বের তিন ম্যাচে জিতে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ফাইনাল ম্যাচেও রেইডে দেখিয়েছেন ঝলক, জিতে নিয়েছেন আসরের সেরা রেইডারের তকমা। শিরোপা উঁচিয়ে ধরার পর জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
শিরোপা হাতে মিজান বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, টানা চার আসরে আমরা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলাম, আলহামদুলিল্লাহ।’
নিজের সাফল্যের রহস্য সম্পর্কে আসরের সেরা রেইডার জানান, ‘আসলে পুরো আসর জুড়ে চেষ্টা ছিল ভালো কিছু করার। আলহামদুলিল্লাহ, সুস্থ ছিলাম, নিজের সেরাটা দিতে পেরেছি, চ্যাম্পিয়ন হয়েছি৷’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘সামনে আমাদের সূচিতে এশিয়ান গেমস, সাফ গেমস আছে। এ আসরগুলোতে পদক আনতে চাই, দেশকে পদকের সাফল্য উপহার দিতে চাই। ‘
বাংলাদেশের কাবাডিকে এগিয়ে নিতে মিজানের ভাষ্য, ‘বাংলাদেশের কাবাডিকে এগিয়ে নিতে প্রো-কাবাডি খুব দরকার। প্রো-কাবাডির আদলে বাংলাদেশে যদি কোনো লিগ হত তাহলে তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় উঠে আসত, বাংলাদেশ ভালো ফলাফল করত।’







