বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের বানারীপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে খরস্রোতা সন্ধ্যা নদী। এই নদীর যে অংশটি দক্ষিণ নাজিরপুরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, তার পাড় ঘেঁষে বন্দর বাজার থেকে একটি রাস্তা চলে গেছে বানারীপাড়া-সরূপকাঠী সড়ক পর্যন্ত।
নদীর পাড়ঘেঁষা এই রাস্তায় প্রতিদিনই ঘুরতে আসেন প্রচুর ভ্রমণপিপাসু মানুষ। এই জনসমাগমকে ঘিরেই গড়ে উঠেছে কয়েকটি ফাস্টফুড দোকান। তবে নদীর অপার সৌন্দর্য ও নির্মল হাওয়া উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য নেই কোনো বসার ব্যবস্থা, নেই শৌচাগার বা টয়লেটের সুবিধা।
পুলিশ টহল থাকায় ভ্রমণকারীরা মোটামুটি নিরাপদ বোধ করেন। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হলে সন্ধ্যা নদীর এই তীরবর্তী অঞ্চলটি একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে রূপ নিতে পারে।







