ওয়ানডে শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি শুক্রবার সন্ধ্যায়। ফরম্যাট বদলানোর সঙ্গে বদলেছে ভেন্যুও। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি দল বুধবার সিলেট পৌঁছাতেই পেয়েছে বৃষ্টির দেখা। চায়ের শহরে ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। তাইতো টাইগার অধিনায়ক কার্টেল ওভারে ম্যাচ খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন দলকে।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন কন্ডিশন নিয়ে ভাবছেন না দলের কেউ। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমি আর কোচ উইকেট নিয়ে আলাপ ছাড়া মনে হয় না অন্যকেউ উইকেটের কাছেও গেছে।’
কন্ডিশন আর প্রতিপক্ষ নিয়ে বেশি ভেবে অতীতে পারফরম্যান্সের গ্রাফ কেবল তলানিতেই নেমেছে। তাই নিজেদের নিয়েই কেবল ভাবতে চায় বাংলাদেশ। সাকিব বললেন, ‘প্রতিপক্ষ, উইকেট নিয়ে যত ভেবেছি ততই আমরা খারাপ করেছি।’
‘কন্ডিশন নিয়ে আমরা ভাবছি না। আফগানিস্তান ভালো একটা দল, অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ওদেরকে মোকাবেলা করা আমাদের জন্য ভালো সুযোগ। ওদের সম্পর্কে বোঝার, শক্তি সম্পর্কে জানার ভালো সুযোগ এটি।’
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। তিন মাস পরের বিশ্বআসর নিয়ে সাকিব বললেন, ‘বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যতটা সম্ভব অবদান রাখতে পারি। পরে পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক টাইগার অলরাউন্ডার সাকিব। নিজের কীর্তি নিয়ে বললেন, ‘যেকোনো মাইলস্টোন অবশ্যই উৎসাহ যোগায়। আরও ভালো করার জন্য মোটিভেশন কাজ করে। কতটা ভালো লাগছে তা হয়ত অবসরের পরে বোঝা যাবে। এখন বোঝাটা আসলে মুশকিল। আমি অবদান রাখতে চাই। দুইটা সাইড (ব্যাটিং, বোলিং) যেহেতু আছে। চেষ্টা করব অবদান রাখার।’








