বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।’
এর আগে, আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনের আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় আদালতে জামিন শুনানি শুরুর সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জের ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেটির এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।









