সিরিজ নির্ধারণী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের সমতায় বিরতিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেছেন মুজিবুর রহমান জনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার খেলার শুরু থেকে মালদ্বীপকে চেপে ধরে তপু বর্মণরা। রাইট উইং দিয়ে আক্রমণের শুরটা করেন ফরোয়ার্ড রাকিব আহমেদ । বাংলাদেশের অংশেও একাধিক আক্রমণ করে মালদ্বীপ।
২৩ মিনিটে মালদ্বীপের কাছে আসে সুবর্ণ সুযোগ, অধিনায়ক তপু বর্মণের ভুলে ডি বক্সের মধ্যে বল পাওয়া আলী ফাসির এ দিনও গোল করে বসেন। ১-০ তে এগিয়ে যায় মালদ্বীপ। এরপর রাকিব ভালো একটি চেষ্টা করলেও মালদ্বীপের ডিফেন্ডাররা রুখে দেন।
আধা ঘণ্টা পর উইং পরিবর্তন করে লেফটে ঈসা ফয়সালকে দিয়ে আক্রমণ শানানোর চেষ্টা করা হলেও কাজ হয়নি। ৪০ মিনিটে সমতায় আসার সুযোগ আসে, লেফট উইং থেকে গোল মুখে শট নেন রাকিব, ঠেকিয়ে দেন মালদ্বীপের গোলকিপার হোসাইন শরীফ। পরের মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
বিরতির ঠিক দুই মিনিট আগে জালের দেখা পায় বাংলাদেশ, গোল করেন মিডফিল্ডার জনি। ১-১ সমতায় আসে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট হোসাইন শরীফ নাগাল পাননি। এ সময় ফাউল করায় হলুদ কার্ড দেখেন অধিনায়ক তপু বর্মণ। পরে ওই ১-১ গোলে সমতায় রেখে বিরতিতে যায় দুদল।







