২০২২ সালে নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দুবছর পর শিরোপা ধরে রাখার কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে, সেই নেপালের মাটিতেই। সাফের আরও একটি আসর খেলতে নেপালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার সংবাদ বিবৃতিতে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় রওনা করে নেপাল সময় সকাল সাড়ে ১১টায় দেশটিতে পা রেখেছে ইংলিশ কোচ পিটার বাটলারের দল।
মঙ্গলবার কোনো অনুশীলন না করলেও দেশটির পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সুইমিংয়ে সময় কাটাবেন সাবিনা-কৃষ্ণারা। ১৭ অক্টোবর আসরের উদ্বোধন। বাংলাদেশ প্রথম খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২০ অক্টোবর। এবার লাল-সবুজদের শিরোপা ধরে রাখার অভিযান।
সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ পিটার।

সাফের দলে নতুন মুখ ৯ জন। প্রথমবার খেলতে চলেছেন ইয়ারজান, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা। গতবারের দল থেকে বাদ পড়েছেন আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস।
২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।
বাংলাদেশ দল
গোলরক্ষক: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার।
ডিফেন্ডার: মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, কোহাতি কিসকু।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মুনকি আক্তার।
ফরোয়ার্ড: আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, সাগরিকা।







