নতুন গান ‘পেটাল’র মিউজিক ভিডিও মুক্তির পরে আবারও আলোচনার কেন্দ্রে আরিয়ানা গ্র্যান্ডে। তবে এবার আলোচনার বিষয় তার গান নয়, বরং শারীরিক গঠন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঝলকে গায়িকাকে অত্যন্ত রোগা দেখাচ্ছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তাকে নাকি কঙ্কালসার দেখতে লাগছে। অন্যদিকে অনুরাগীদের একাংশের বক্তব্য, শিল্পীর ব্যক্তিগত শারীরিক গঠন নিয়ে লাগাতার মন্তব্য করা বন্ধ হওয়া উচিত।
শুক্রবার (৩১ জুলাই) মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও। পরিচালক ক্রিশ্চিয়ান ব্রেসলাউয়ারের তৈরি এই ভিডিওয় পেপার নামে এক উদীয়মান শিল্পীর চরিত্রে দেখা গেছে আরিয়ানাকে। বার বার অডিশনে ব্যর্থ হওয়া, ‘যোগ্য নন’ বা ‘বাজারে বিক্রি হওয়ার মতো নন’— এমন মন্তব্য শুনতে শুনতে চরিত্রটির মানসিক পরিবর্তনের গল্পই উঠে এসেছে ভিডিওতে। শেষে একটি ‘ফরচুন কুকি’ থেকে পাওয়া বার্তা— “You bloom wherever you are planted”, তাঁর আশা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। এই বার্তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘তোমাকে যেখানেই বপন করা হবে, সেখানেই ফুল হয়ে ফুটবে’।
রেট্রো ঘরানার চিত্রনির্মাণ, প্রতীকী গল্প বলা এবং আবেগঘন উপস্থাপনার প্রশংসা করলেও, সমাজমাধ্যমের বড় অংশের নজর ছিল আরিয়ানার চেহারার দিকেই। ভিডিওটি প্রকাশের পরে ইনস্টাগ্রামে একটি অংশ ভাগ করে নিয়ে আরিয়ানা লেখেন, “পেটাল, মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।” এরপরেই মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ গান ও নির্মাণশৈলীর প্রশংসা করলেও, অনেকেই তার ওজন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে অনুরাগীদের একাংশের বক্তব্য, শিল্পীর শরীর নিয়ে প্রকাশ্যে এমন আলোচনা করা উচিত নয়। তাদের মতে, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত তার গান ও শিল্পীসত্তা— শারীরিক গঠন নয়।
গত কয়েক বছরে নিজের চেহারা নিয়ে প্রকাশ্যে মন্তব্যের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছেন আরিয়ানা। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, কারও চেহারা নিয়ে মন্তব্য তা প্রশংসাই হোক বা সমালোচনা অনেক সময়েই অস্বস্তিকর হতে পারে। তার মতে, অন্যের শরীর, মুখ বা চেহারা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাকে সমাজ অত্যন্ত স্বাভাবিক করে ফেলেছে, যা মোটেই স্বাস্থ্যকর নয়।







