দঙ্গলের আয় ২০০০ কোটি, ফোগাটরা পেয়েছেন মাত্র ১ কোটি!

চ্যানেল আই অনলাইন এর এই ছবি একটি নারী ও পুরুষের গ্রুপের ছবি, যা বাংলাদেশের বিভিন্ন খবর ও বিনোদনের জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
আমির খান অভিনীত নীতেশ তিওয়ারির ২০১৬ সালের ব্লকবাস্টার রেসলিং ড্রামা ‘দঙ্গল’ ফোগাট পরিবারের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ববিতা ফোগাটকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল এটি। ছবিটিও তুমুল ব্যবসা করেছিল। কিন্তু তাতে আর্থিক ভাবে ববিতা ফোগাটের পরিবার খুব বেশি লাভবান হয়নি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ববিতা।
দঙ্গল বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২,০০০ কোটি টাকা আয় করেছে। এক সাক্ষাৎকারে ববিতা ফোগাটকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফোগাট পরিবার দঙ্গলের নির্মাতাদের কাছ থেকে কত অর্থ পেয়েছে, তখন তিনি বলেছিলেন যে এটি ছবির মোট বক্স অফিস সংগ্রহের ১ শতাংশেরও কম। মাত্র ১ কোটি রুপি দেয়া হয়েছিল। আমির খান প্রযোজক হিসাবে বোর্ডে আসার আগেই এই চুক্তিটি হয়েছিল, পরিচালক নীতেশ তিওয়ারির দল স্ক্রিপ্টিং করছিল তখন।
তিনি বলেন, ‘আমার বাবা (মহাবীর সিং ফোগাট) একটাই কথা বলেছিলেন, আমরা মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা চাই। বাকি সব ছেড়ে দাও’।
তিনি আরও বলেন, তিনি জনগণের কাছে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন সিনেমাটির কারণে। জানান, আমির যখন বোর্ডে এসেছিলেন, তখন তার টিম চরিত্রগুলির নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছিল, কিন্তু মহাবীর রাজি হননি।
ববিতা আরও জানান, দঙ্গল একটি বাণিজ্যিক সাফল্য পাওয়ার পরে তার বাবা আমিরের টিমকে প্রস্তাব দিয়েছিলেন যে তারা যেন সেই টাকার কিছু দিয়ে হরিয়ানায় একটি কুস্তি একাডেমি খোলে। আমিরের টিম হ্যাঁ বা না কোনোটাই বলেনি। একাডেমি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
দঙ্গল ছবিতে মহাবীর সিং ফোগাটের চরিত্রে আমির, গীতা ফোগাটের চরিত্রে ফাতিমা সানা শেখ এবং জাইরা ওয়াসিম এবং ববিতা ফোগাটের চরিত্রে সানিয়া মালহোত্রা এবং সুহানি ভাটনগর অভিনয় করেছিলেন। ফোগাট বোনদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাক্ষী তানওয়ার।
সূত্র: হিন্দুস্তান টাইমস






