আওয়ামী লীগ সহসা আর ফিরবে না উল্লেখ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেছেন, এটা ভারতকে মানতে হবে। ভারতের অনুমতি নিয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়নি। সেজন্য কাউকে ক্ষমতায় বসিয়ে দেবার ক্ষমতাও তাদের নেই।
বুধবার (৪ ডিসেম্বর) তিনি একথা বলেন।
আকবর হোসেন বলেন, ভারতের সামনে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করার। আমার বিশ্বাস, এই সুযোগ এখনো আছে। বাংলাদেশের মানুষের মনে যে ‘ভারত বিদ্বেষ’ আছে সেটা ভারত চাইলেই দূর করতে পারে। এই বিদ্বেষের কারণ কী? বিষয়টা খুবই যৌক্তিক।
তিনি বলেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। জনসমর্থনহীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারত সব উপায় অবলম্বন করেছিল। বাংলাদেশের মানুষের বিশ্বাস ছিল যেকোন একটা সময় ভারত সরকারের বোধদয় হবে। কিন্তু সেটা আর হয়নি!
তিনি জানান, শেখ হাসিনা একবার বলেছিল- ভারতকে যা দিয়েছে তারা আজীবন মনে রাখবে। এখন ভারতের দিক থেকে যা কিছু হচ্ছে সেটা ঐ কথার প্রতিফলন। কূটনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু কিংবা শত্রু বলে কোন বিষয় নেই। আমেরিকা জাপানে পারমানবিক বোমা মেরেছিল। এখন তারা চরম বন্ধু। একই অবস্থা ভিয়েতনামের ক্ষেত্রেও। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সে রকম কোন পরিস্থিতি নেই। বাংলাদেশের মানুষের চাওয়া একটাই। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। এটা পৃথিবীর সব রাষ্ট্রই চায়। ভারত এটা যত দ্রুত অনুধাবন করবে পরিস্থিতিও তত দ্রুত স্বাভাবিক হবে।










