আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন দুজনে।
দলটির দপ্তর সুত্রে জানা গেছে, সাকিব আল হাসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শনিবার (১৮ নভেম্বর) মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।







