মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে
টি-টুয়েন্টি বিশ্বকাপ

Cricket players from Australia and Bangladesh, along with officials, on the field during a match at a stadium. Channel i News – চ্যানেল আই নিউজ
ছেলেরা চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার দেখেছে বাংলাদেশ। চট্টগ্রামের পর ইংল্যান্ডে হার। একদিনে অনেকটা কাছাকাছি সময়ে অজিদের দুদলের কাছে হারল লাল-সবুজের দল। বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ মিলে মোট ১৫৫ রান করেছে, যা দুদলের ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড।
হেডিংলিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক সোফি মোলিনাক্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে সহজে জয়ের বন্দরে নোঙর করে অজিরা।
অস্ট্রেলিয়ার জর্জিয়া বল ৩২ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরার পুরস্কার জেতা এলিস পেরি ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। বেথ মুনির থেকে আসে ১০ রান।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন পেসার মারুফা আক্তার।
এর আগে, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একাই লড়েছেন। ৪৭ বলে সর্বোচ্চ ২৭ রান এসেছে তার থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিতু মনির ব্যাটে। তৃতীয় সর্বোচ্চ ৮ রান করে আনেন রাবেয়া খান ও জুরাইরিয়া ফেরদৌস। বাংলাদেশের ৮ ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।
অজিদের তিন বোলার কিম গার্থ, সোফি মনিলিউয়েক্স এবং এলিস পেরি ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়্যারহেম ও আন্নাবেলা সাউদারল্যান্ড।



