হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নকআউট রাউন্ডে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিল টিম টাইগার্স।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে শনিবার টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ব্যাটে নেমে নির্ধারিত ছয় ওভারে ২ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। লক্ষ্যে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থামে টিম টাইগার্স।
অজিদের হয়ে অর্ধশতকের ইনিংস খেলেন বেন ম্যাকডেরমট ও অ্যালেক্স রোস। ম্যাকডেরমট ১৪ বলে ৮ ছক্কায় করেন ৫১ রান। রোস ১১ বলে ৫০ রান করেন এক চার ও ৭ ছক্কায়। শেষপর্যন্ত ২ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
অজিদের দুটি উইকেটের মধ্যে একটি করে শিকার করেন মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসান।
লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৯ রানে ৪ উইকেট হারায় তারা, তবে পঞ্চম উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন আবু হায়দার ও রাকিবুল হাসান।
আবু হায়দার ১১ বলে এক চার ও ৭ ছক্কায় অপরাজিত ৫০ রানের একটি ইনিংস খেলেন। আর রাকিবুলের ব্যাট থেকে আসে ১০ বলে ২৫ রান। যা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।
অস্ট্রেলিয়ার হয়ে ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ক্রিস গ্রিন। এছাড়া একটি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই ও জ্যাক উড।







