ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারত নারী দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন সিরিজ খেলে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়া নারী দল অধিনায়ক অ্যালিসা হিলি।
উইলো টক পডকাস্টে অবসরের সিদ্ধান্ত নিয়ে হিলি বলেছেন, ‘এটা অনেকদিন ধরেই হয়ে আসছিল। গত কয়েক বছর শারীরিকের চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল। চোটও ছিল, আর ভেতরের শক্তিটা ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। বারবার নিজেকে নতুন করে উজাড় করে দেয়াটা কঠিন হয়ে যাচ্ছিল।’
‘আমি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে চেয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পুরোপুরি হারাইনি, কিন্তু কিছুটা কমেছে। গত মৌসুমের ডব্লিউবিবিএল আমার জন্য একটা সতর্কবার্তা ছিল। একদিন সকালে উঠে মনে হচ্ছিল, আরেকটা সাধারণ ক্রিকেটময় দিন কাটাতে হবে। এই ভাবনায় নিজেও অবাক হয়েছিলাম। কারণ ভাবতাম, আমি এখনও খেলাটাকে ভালোবাসি।’
২০১০ সালের ফেব্রুয়ারিতে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হিলির। ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ওয়ানডেতে সাড়ে ৩ হাজার এবং টি-টুয়েন্টিতে ৩ হাজার ৫৪ রান করেছেন। টি-টুয়েন্টিতে তার ১৪৮* রান পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
ক্যারিয়ারে হিলি ছয়টি মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসি নারী টি-টুয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পান।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না হিলি। ওয়ানডে ও টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন অজি কিংবদন্তি।







