মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
বুধবার ১৭ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকে। পরে তারা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বসে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বিভিন্নস্থানে অবস্থান নিয়ে পদ্মা সেতু উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।
এদিকে, কোটা আন্দোলনকারীরা শহরের সুপার মার্কেট চত্বরে অবস্থান নিলে ছাত্রলীগের একটি মিছিল তাদের ধাওয়া করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৫ জন আহত হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।








