সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে অপপ্রচার চলছে: রিজভী

সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
রিজভী বলেন, বর্তমান সরকার জনবান্ধব। সরকারের কোনো উদ্যোগের সমালোচনা করতে হলে তা তথ্যভিত্তিক, সত্য ও ন্যায়সংগত হওয়া উচিত। সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এ ধরনের মিথ্যা প্রচার বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন তিনি।
ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের সংখ্যা অতিরিক্ত ৫ শতাংশ কমে আসবে। এ ধরনের উদ্যোগের ইতিবাচক দিক বিবেচনা না করে মিথ্যা প্রচার চালানো দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।
কৃষক কার্ডের বিষয়ে রিজভী বলেন, এর মাধ্যমে প্রান্তিক, দরিদ্র ও ভূমিহীন কৃষকদের হাতে মাসে অন্তত ২ হাজার ৫০০ টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে আগের যেকোনো বছরের তুলনায় রেকর্ড পরিমাণ কৃষিঋণ ও সর্বোচ্চ পরিমাণ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঋণের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা হাঁস-মুরগি ও ছাগল পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।
দেশে সারের সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে সার আমদানি করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আনা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সারের একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। সৌদি আরব থেকেও সারবাহী জাহাজ আসছে।
শীতকালীন শাকসবজির মৌসুম সামনে রেখে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন, আলু, টমেটো, বাঁধাকপি ও ফুলকপির মতো ফসল উৎপাদনে সারের প্রয়োজন হয়। গ্যাসের সংকটে সার কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।
বক্তব্যে অতীতের সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি ও ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার মতো প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি। জনগণের কাছে সত্য কথা বলা এবং দেওয়া অঙ্গীকার রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ।






