দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখায় ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি সবাই মিলে অপশক্তিদের রুখে দেয়ার আহবান জানিয়েছেন।
সিয়াম লিখেছেন, স্টপ ইট। স্টপ ইট নাও। আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে শিল্প-সংস্কৃতির চর্চা আরও সুন্দর হবে এটাই কামনা ছিল। তবে কেন রাহুল আনন্দদা’র বাড়িতে হামলা হল, বগা তালেবের বাড়িতে হামলা হল? কেন রাজশাহী সিনেপ্লেক্সের এই হাল? কেন রুটস সিনেক্লাবের ২ কোটি টাকার ক্ষতি হল? কারা করছে এই কাজগুলো? চলুন আমরা সবাই মিলে রুখে দেই এই অপশক্তিদের। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে নতুন এক বাংলাদেশ গড়ি। আমাদের স্বপ্নের বাংলাদেশ।
৫ আগস্ট রাতে দুষ্কৃতকারীরা পদ্মার পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবস্থিত একটি স্ক্রিনে ১৭২ আসনের সিনেপ্লেক্সের এই শাখাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে করে উন্নত ডেকোরেশন, সিট, গ্লাসে আবৃত টিকেট কাউন্টার সবকিছু ভেঙে চুরমার করে নষ্ট করে দেয়া হয়েছে। ফলে রাজশাহী নগরীর একটি মাত্র সিনেমা হলটিও বন্দ হয়ে গেল।
ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, মিরপুর সনি, সামরিক জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে সিনেমা প্রদর্শন করে আসছিল স্টার সিনেপ্লেক্স। রুচিশীল ও মধ্যবিত্ত দর্শকদের সিনেমা দেখার নির্ভরযোগ্য স্থানে পরিণত হয়েছিলেন সিনেপ্লেক্সে।








