পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ১৭ জুন বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই হামলার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হয়। ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের বৃহত্তম বিমানবন্দর। এর অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে।
ফজরের নামাজের পরপরই এলাকাজুড়ে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নিকটবর্তী এলাকার এক বাসিন্দা জানান, সকাল ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করার কিছুক্ষণ পরই তিনি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে জানতে পারেন, বিমানবন্দরে হামলা হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় নেওয়ার দাবি করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অধিকাংশ হামলাকারী নিহত হয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নাইজার এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহিংসতার মুখোমুখি। চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। সাম্প্রতিক এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

