গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বেসরকারি টিভি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন গাড়িচালক মো: সেলিম সরদার।
রোববার ২৩ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে হামলার এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সময় চ্যানেল আইয়ের গাড়িতে থাকা স্টাফ রিপোর্টার ওবায়দুল রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন কাভার করে ঢাকায় ফিরে বাসায় ফেরার পথে ধানমণ্ডি ১২/এ তাকওয়া মসজিদের সামনের রাস্তায় উল্টো দিক থেকে একটি গাড়ি আসছিল। ওই গাড়িকে সাইড দিতে গিয়ে চ্যানেল আইয়ের গাড়িতে ধাক্কা দেয় একটি গ্রিন কালারের ওল্ড শেইপের হাইয়েজ মাইক্রো। চ্যানেল আই’র গাড়ির চালক সেলিম জানালার গ্লাস নামানোর সঙ্গে সঙ্গে মাইক্রো থেকে প্রথমে তার দিকে একটি পানির বোতল ছুঁড়ে মারা হয়।
‘পরে ডিবি পরিচয়ে তিন-চারজন গাড়ি থেকে নেমে পুলিশের ব্যবহার করা লাঠি দিয়ে বেধড়ক গাড়ির চালককে পেটায়। সেসময় আমি ভিডিও করতে গেলে আমার ফোনও ছিনিয়ে নেয়ার কথা বলে। এমনকি আমাকে ও ক্যামেরাম্যান মামুনকে তুলে নেবার হুমকি দেয়। তারা ডিবি পুলিশ নাকি সংঘবদ্ধ দুর্বৃত্তকারী সেটা বুঝতে পারিরি। তাদের উদ্দেশ্য অপহরণ ও ছিনতাই করার দিকেই ছিল। কিন্তু রাস্তার লোকজন সবাই এগিয়ে আসাতে ডিবি পরিচয়ের গাড়িটি ১২/এ রাস্তা হয়ে সোজা বের হয়ে যায়,’ বলে তিনি জানান।
ওবায়দুল রশিদ বলেন, ‘ওরা চলে যাবার পরপরই ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানাই। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেন এবং খুব দ্রুত যোগাযোগ করে ঘটনাস্থলে ধানমণ্ডি থানার একটি টিম পাঠান।’

হামলার শিকার চ্যানেল আই’র গাড়ির নম্বর ঢাকা মেট্রো-চ-৫৬-০৪০০। দুর্বৃত্তকারীরা গাড়ি ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি লাঠি দিয়ে গাড়ির সামনের লুকিং গ্লাস ভাঙচুর করে।
রাতে ধানমণ্ডি থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ওই রাস্তার সিসি টিভি ও আশপাশের বাড়ির সিসি টিভি দেখে আমরা দুর্বৃত্তদের গাড়ির নাম্বার শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’







