ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ২০ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাদ হাসানকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকেল ৪টায় প্রক্টর বলেন, একজনকে (সাজ্জাদ হাসান) জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে একটু আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে ছেড়ে দেয়ার বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে।
কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছিল জানতে চাইলে প্রক্টর বলেন, আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়েছে, আইনগত কোন বিষয়ে কথা বলার ছিল হয়তো। প্রয়োজন সাপেক্ষেই নিয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শ্যাডো থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার সহপাঠীরা।
তারা জানান, জুনিয়রদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন সাজ্জাদ। এসময় একটি মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তাদের কাছে ডিবি পরিচয় দেয় এবং সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা আড্ডারত জুনিয়রসহ সাজ্জাদকে মাইক্রোবাসে তুলে নেয়। কিছুদূর গিয়ে জুনিয়রদের ছেড়ে দিলেও সাজ্জাদকে নিয়ে যায় তারা।
পরে আজ দুপুরে সাজ্জাদের সহপাঠীরা আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাইমা হককে বিষয়টি অবহিত করেন। নাইমা হক সাজ্জাদের পরিচয়সহ তাদেরকে প্রক্টরের কাছে পাঠান। দুপুর দেড়টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা সাজ্জাদের পরিচয়পত্র প্রক্টর অফিসে জমা দেয়।
তবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এসব ঘটনার পরে আজ বিকেলে সাজ্জাদকে ছেড়ে দেয়া হয়েছে।







