পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারী সকাল থেকে দুমকি উপজেলার নতুন বাজার, পীরতলা বাজার , রাজাখালি, পাতাবুনিয়া, আনন্দ বাজার, থানা ব্রীজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কুকুরটি নারী ও শিশুসহ অন্তত ৫০ জনকে কামড়ে মারাত্মক আহত করে ।
এতে উপজেলার জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় অভিযান চালিয়ে অসুস্থ কুকুরটি আটক করে এবং জলাতঙ্ক রোগ থাকায় মেরে ফেলে।
আহত ১৭ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বাকিদের জেলা শহরসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ সঙ্কট ও হঠাৎ বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ায় ফার্মেসি থেকে চড়ামূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে । জলাতঙ্ক রোগের আতঙ্কে আছে আহতরা।







