ক্রিকেট

ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন আশরাফুল

আশরাফুলের ব্যাটারদের নিয়ে আশার কথা বলছেন আশরাফুল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল সংবাদ সম্মেলনে ব্যাটারদের নিয়ে আশার কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে চারটি ফিফটি দেখেছে বাংলাদেশ। এর মধ্যে অপরাজিত মুশফিকুর রহিম ছাড়া বাকিরা সুযোগ পেয়েও ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হয়েছেন। নিয়মিত বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করলেও অবশ্য ব্যাটারদের দায় দিচ্ছেন না বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বরঞ্চ আশার কথাই শোনালেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন আশরাফুল।

বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ক্রিকেটাররা যেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং খেলছে, সামনের যত টেস্ট ম্যাচ দেখবেন, বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের ক্রিকেটারদের থেকে। আপনি যেটা বললেন যে ওরা, ৫০ করে বা ৭০ করে আউট হচ্ছে, এটা নিয়ে তারা চিন্তা করছেন, কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায়। তারাও চিন্তা করছেন এবং আশা করব যে … ২০২৭ পর্যন্ত প্রায় ১৮টা টেস্ট ম্যাচ আছে, ওই ম্যাচগুলোতে তাদের একটা লক্ষ্য ঠিক করা আছে, ওইভাবেই আসলে তারা প্রস্তুতি নিচ্ছে এবং খেলছে।’

আশরাফুলের মতে ব্যাটাররা ভালো বলেই আউট হচ্ছেন, তাই অভিযোগ না করে ইতিবাচক থাকার পরামর্শ দিলেন। বলেছেন, ‘এরকম কিন্তু না। তারা কিন্তু তাদের উইকেটটা ছুঁড়ে আসছে না। যদি দেখেন এই দুটা টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের উইকেট, ভালো বলে আউট হয়েছে। ভালো বলে যখন আউট হয় সেই সময় আসলে অভিযোগ না করে আমাদের মনে হয় ইতিবাচক কথা বলাটাই ভালো।’

আশরাফুলের মতে, বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া হলে ব্যাটারদের নিজেদেরই মন খারাপ থাকে। বলেছেন, ‘অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ। তারা যদি ১০০-২০০ করতো তাদেরই রান বেশি হতো। ঠিক না? তো অবশ্যই আমি আশা করি, আমরা পজিটিভ চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাআল্লাহ।’

বিষয়:আয়ারল্যান্ড আশরাফুল বাংলাদেশ মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…