যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল।
শুক্রবার কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- মো. শুভ, মো. শাকিল হোসেন ও শরীফ মো. আবদুল্লাহ।
এসময় তাদের হেফাজত থেকে দুইটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুইটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা , তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।
কলাবাগান থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে কলাবাগান থানা ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্রগুলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন যাবৎ সন্ত্রাসী কাযক্রমে পরিচালনা করে আসছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।







