বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইলিয়াস আলী গুম

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের অফিসিয়াল ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করার মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার দুপুরে রাষ্ট্রপক্ষের দায়ের করা আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল।
২০১২ সালে নিখোঁজ ইলিয়াস আলী
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।
ওই রাতে ইলিয়াস আলী ও আনসার আলীকে বহনকারী গাড়িটি বনানী এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তাদের উদ্ধারে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান ও তদন্তের কথা জানানো হলেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর কোনো সন্ধান না মেলায় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে নানা অভিযোগ উঠলেও দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার বিষয়টির সুরাহা হয়নি। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।






