সারা ভারতে যখন ‘পুষ্পা ২’ এর জয়জয়কার, ঠিক সেসময়ে গ্রেপ্তার হলেন ভারতের সুপারস্টার আল্লু অর্জুন!
এমন খবরই দিলো ভারতীয় প্রথমসারির সব গণমাধ্যম।
জানা গেছে, সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
৫ ডিসেম্বর প্রায় ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২। তার আগে ৪ তারিখ রাতে হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’এ ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো। আল্লু অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন। তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। তার সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করে হায়দরাবাদের পুলিশ।
ঘটনার দুদিন পর (শুক্রবার রাতে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করে আল্লু অর্জুন জানান, তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেই সঙ্গে নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন। কিন্তু এরমধ্যেই গ্রেপ্তার হলেন এই নায়ক।







