মনোনয়ন চূড়ান্ত না হলেও সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার ঘোষণা

স্মারক ব্যক্তির ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন, সিলেটের নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। বিএনপি দলীয়ভাবে এখনও ওই আসনে মনোনয়ন চূড়ান্ত না করলেও তিনি এ ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রমের সূচনা করবেন।
এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এরই মধ্যে প্রচারণায় মাঠে আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও।
সম্প্রতি সিলেট সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। তার সেই নির্দেশনার পর থেকেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
বিশেষ করে সিলেট-১ আসনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা। রাজনৈতিক মহলে প্রচলিত আছে— এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, তারাই শেষ পর্যন্ত সরকার গঠন করে। ফলে আসনটি প্রতিবারই গুরুত্ব পেয়ে থাকে জাতীয় রাজনীতিতে।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম।
দলের অভ্যন্তরে ধারণা করা হচ্ছে, সিলেট-১ আসনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা আরও জোরদার হবে আগামী সপ্তাহগুলোতে।






