সাউথ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেবাহিনী।
প্যারাগুয়ের লুকেতে কনমেবল সুমা কমপ্লেক্সে গড়ানো ফাইনালে শুরু থেকেই ছিল দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের অষ্টম মিনিটেই থমাস বারিউসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে সমতা ফেরাতে একাধিক আক্রমণ চালিয়েও সফল হয়নি সেলেসাওবাহিনী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ২৬তম মিনিটে লুকার গোলে ১-১ সমতায় ফেরে দুইবারের চ্যাম্পিয়নরা। এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে নির্ধারিত ৪০ মিনিটে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লরেঞ্জো সামপ্রেদ। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখেই চ্যাম্পিয়নের মুকুট নিশ্চিত করে আর্জেন্টিনা।
এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপার হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বয়সভিত্তিক লাতিন আমেরিকান ফুটসালে নিজেদের আধিপত্যও আরও শক্ত করল আলবিসেলেস্তেরা।










