মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতে সাপের হানা। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বাড়িতে হঠাৎ দেখা মেলে দু’টি সাপের। খবর পেয়ে শুরু হয় সাপ দুটোকে সরানোর তৎপরতা।
শেষ পর্যন্ত একটি সাপকে নিরাপদে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অন্যটি লোকজনের গতিবিধিতে ভয় পেয়ে পালিয়ে যায় বলে খবর।
রাত ৮টা নাগাদ মান্নাতে সাপ দু’টি ঢুকে পড়ার পরে সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্তাদের খবর দেওয়া হয়। শাহরুখের মান্নাতে পৌঁছে উদ্ধারকারী দল ও বন দপ্তরের কর্তারা দেখেন, বাহিরের সিঁড়ির নীচে লুকিয়ে রয়েছে একটি সাপ।
পরীক্ষা করে জানা যায়, সেটি ইন্ডিয়ান র্যাট স্নেক, যা দেশি দাঁড়াশ সাপ বলেও পরিচিত। স্বস্তির বিষয় হল, মোটেই বিষধর নয় এই সাপ।
উদ্ধারকারীরা কাছে যেতেই আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে যায় সাপটি। শেষ পর্যন্ত সেটিকে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতরের নিয়ম মেনে পরে প্রাকৃতিক পরিবেশে ছেড়েও দেওয়া হয় সাপটিকে।
তবে দ্বিতীয় সাপটিকে ধরা যায়নি। মান্নাতের চত্বরে লোকজনের চলাফেরায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়। উদ্ধারকারী দল চেষ্টা করেও তার আর কোন সন্ধান পায়নি।
শাহরুখের বাড়িতে এই ঘটনার কয়েক মাস আগেই সাপের দেখা মিলেছিল সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। পরিবারের সঙ্গে সেখানেই থাকেন অভিনেতা। সেসময় খবর পেয়ে সাপ উদ্ধারকারীকে ডাকা হয়। শেষ পর্যন্ত সেই সাপটিকেও ধরে বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল।










