কাবাডিকে বিদায় বলার ক্ষণটা আগেই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে লাল-সবুজদের টানা চতুর্থ শিরোপা এনে দিয়ে দীর্ঘ ১৫ বছরের কাবাডি ক্যারিয়ারের ইতি টানলেন তারকা খেলোয়াড়।
সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে চারবারই শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। শিরোপার মঞ্চে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন আরুদুজ্জামান।
বাগেরহাটের সন্তান মুন্সি ২০০৯ সাল থেকে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের হয় খেলছেন। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের অন্যতম সেরা রেইডার ছিলেন তিনি। আন্তর্জাতিক কাবাডি র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে অবস্থান তার, আছেন সেরা পাঁচে।
আরুদুজ্জামান মুন্সি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আগের তিন আসরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ওই তিন আসরে চ্যাম্পিয়নের তকমা পরেছিলেন তিনি। ২০১৬ কাবাডি বিশ্বকাপে তৃতীয় সেরা খেলোয়াড় হয়েছিলেন।
বঙ্গবন্ধু কাপ-২০২৪ আসরে নিজের জাত চিনিয়েছেন মুন্সি, গ্রুপপর্বের এক ম্যাচসহ সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন। ফাইনালেও ক্ষুরধার পারফরম্যান্স করেছেন মুন্সি, প্রথমার্ধের ২৪ পয়েন্টের অর্ধেক ১২ আসে তার থেকে।
ম্যাচ শুরুর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চৌধুরী নওফেল আরুদুজ্জামান মুন্সিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। লাল-সবুজদের দলনেতাকে বিদায় জানাতে ইনডোরের পুরো স্টেডিয়াম করতালিতে মুখরিত হয়ে উঠে।







