২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়কদের একজন পেসার জফরা আর্চার। চোটে চলতি বিশ্বকাপের দলে ছিলেন না। ফিট হয়েছেন। সেজন্য গত বিশ্বকাপজয়ী ডানহাতি পেসারকে ভারতে উড়িয়ে আনল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের সঙ্গে থাকবেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে জশ বাটলারের দল। তার আগে অনুশীলনে যোগ দিয়েছেন আর্চার। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ১৫ সদস্যের দলে থাকবেন ২৮ বর্ষী তারকা।
কনুইয়ের চোটে ২০২৩ সালের অধিকাংশ সময় বাইরে কাটাতে হয়েছে আর্চারকে। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন গত মে’তে, আইপিএলে।
ইংল্যান্ড বিশ্বকাপে শুরু করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে হার দিয়ে। পরে বাংলাদেশের বিপক্ষে জিতলেও হেরে বসেছে আফগানিস্তানের কাছে।







