শিক্ষা

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছে, চ্যানেল আই অনলাইন রিপোর্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর ১৩ লাখের বেশি শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিপুলসংখ্যক আবেদনে চিন্তিত শিক্ষা বোর্ডগুলো।

এ পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এখন পর্যন্ত এসএসসির ১৩ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে।

তিনি বলেন, ১১ আগস্ট থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। ১৭ আগস্ট রাত ১২টায় আবেদনের সময় শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত চারটি বিষয় দেখা হতো। সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বরগুলোর যোগফল ঠিক আছে কি না, খাতার ভেতরের নম্বর মূল কভার বা ওএমআর শিটে ঠিকভাবে তোলা হয়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত সঠিকভাবে ভরাট করা হয়েছে কি না। এ চারটি ক্ষেত্রে কোনো অসংগতি থাকলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়। তবে খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না।

এদিকে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মনে হচ্ছে, সবাই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও খাতার পুনর্মূল্যায়ন করাতে চাইছে। কারণ নম্বর ভবিষ্যতে পড়ালেখায় মূল্য যোগ করে।

তিনি বলেন, বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিষয়:এসএসসি ও সমমানের ফলাফল এসএসসি পরীক্ষা ২০২৬ খাতা পুনর্নিরীক্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…