আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে একটি ছুরি হামলার ঘটনার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেলফাস্টের বিভিন্ন এলাকায় শত শত বিক্ষোভকারী জড়ো হন, যাদের অনেকেই মুখোশ পরা ছিলেন। বিক্ষোভ চলাকালে একটি বাস ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের কেন্দ্রের কাছে একটি ভবনে আগুন লাগায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হেলিকপ্টার দিয়ে টহল দেয় এবং এক পর্যায়ে শহরের দোকানপাট আগেই বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার আগে উত্তর বেলফাস্টে একটি ছুরি হামলা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই অভিবাসনবিরোধী ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওই ছুরি হামলাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন। এদিকে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। জনমত জরিপে কট্টর-ডানপন্থী দলগুলোর উত্থান এবং অভিবাসন নীতি নিয়ে বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করেছে।
স্থানীয় রাজনৈতিক নেতারা এবং উত্তর আয়ারল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ঘৃণা বা ভয় ছড়িয়ে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা যাবে না।
এর আগে গত বছরও উত্তর আয়ারল্যান্ডে একটি যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা হয়েছিল, যা অভিবাসন ইস্যুকে ঘিরে সামাজিক বিভাজনকে আরও গভীর করে তুলেছে।






