নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৬ জুলাই বিকেল ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার ১৫ জুলাই রাত সাড়ে ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের এক দফা দাবিতে সারাদেশে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরও যদি কোটা বাতিল করা না হয়, তাহলে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, আজ পরিকল্পিতভাবে বহিরাগত দিয়ে হামলা করে শিক্ষার্থীদের আহত করা হয়েছে। প্রক্টরের কাছে জবাব চাই, কেন বহিরাগত এনে আমাদের ওপর হামলা করা হলো। কোনকিছু করেই এই আন্দোলন দমানো যাবে না।
আগামীকালের আন্দোলনে সারা দেশের মানুষকে নেমে আসার আহ্বানও জানান তিনি।







