লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন জেসম অ্যান্ডারসন। সেই লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার শেষ করলেন ৪১ বর্ষী ইংলিশ পেসার। বিদায়বেলায় অনেকেই ইংলিশ পেসারের নিখুঁত বোলিং, গতি আর সুইংয়ের প্রশংসা করেছেন। তবে অভিনন্দন জানাতে গিয়ে গড়বড় করে ফেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে হাসি-ঠাট্টা।
এক্স হ্যান্ডলে বাবর লেখেন, ‘আপনার কাটারের মুখোমুখি হওয়াটা ছিল সৌভাগ্যের, জিমি। সুন্দর এই খেলা একজন কিংবদন্তিকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ বিচরণ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (গ্রেটেস্ট অব অল টাইম)।’
কিন্তু অ্যান্ডারসনের প্রশংসা করতে গিয়ে লেখেন বাবর ‘কাটার’ এর কথা, যা কখনোই অ্যান্ডারসনের বোলিংয়ের মূল অস্ত্র ছিল না। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাট্টা শুরু হলে বুঝতে পারেন ভুল বুঝতে পারেন পাকিস্তানি ব্যাটার। পরে তিনি পোস্টটি মুছে কাটারের জায়গায় সুইং লিখে আরও একটি পোস্ট দেন।
it is a privilege to face Babar Azam's reverse swing pic.twitter.com/QDegwq9IQ7
— Sunil the Cricketer (@1sInto2s) July 12, 2024
নতুন পোস্টে বাবর লিখেছেন, ‘আপনার সুইংয়ের মুখোমুখি হওয়াটা ছিল সৌভাগ্যের, জিমি। সুন্দর এই খেলা একজন কিংবদন্তিকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ বিচরণ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (গ্রেটেস্ট অব অল টাইম)।’
অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচটি তৃতীয় দিনের প্রথম সেশনে জিতে নেয় ইংল্যান্ড। শুক্রবার ক্যারিবীয়ানদের হারায় ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে। তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল বেন স্টোকসের দল।
বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ১০.৪ ওভারে তিন মেডেনসহ ২৬ রান খরচায় নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭ মেডেনসহ ৩২ রান খরচায় উইকেট নেন ৩টি। ৭০৪ উইকেট জমিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন কিংবদন্তি পেসার।








