বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ জনজীবন। ভয়াবহ তাপদাহ আর যানজটের কারণে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। অথচ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও বলছে আগামী ১৫ তারিখের আগে তাপমাত্রা সামান্য কম-বেশি ওঠানামা করলেও গরম তেমন কমবে না।
এবছর দুর্বল মৌসুমী বায়ুর কারণে বর্ষার প্রভাব সারাদেশে ছড়াতে একটু দেরি হচ্ছে। একারণে বৃষ্টিপাত কম হচ্ছে। এ মাসের ১৫ তারিখের পরে সারাদেশে এই মৌসুমী বায়ু ছড়িয়ে যাবে। মৌসুমী বায়ু ছড়িয়ে যাওয়ার পর বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা আছে এবং এ কারণে তাপমাত্রাটা কিছুটা হলেও কমবে।
আজকে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে যশোরে। তাপমাত্রা হচ্ছে ৩৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়েছে খুলনায়। তাপমাত্রা ছিলো ২৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও বরিশাল, চট্টগ্রাম এ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।







