বোলিংয়ের শুদ্ধি মিশনে সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এ দুই বোলার।
তাসকিনের পরীক্ষা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আর সানির বেলা দুইটায়।
সোমবার রাতে দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর দোয়া চাইলেন দুই টাইগার বোলার।
পেসার তাসকিন বলেন, ‘আমরা আমাদের শতভাগ চেষ্টা করেছি চার-পাঁচ মাস ধরে। আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী আছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, সব বাধা কাটিয়ে আসবো আশা করছি।’
তবে সময়টা খারাপই যাচ্ছে আরাফাত সানির। জ্বর নিয়েই বোলিং পরীক্ষা দিতে হতে পারে সানির। কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন। এবার শরীরে ভর করেছে প্রচন্ড জ্বর। সুস্থ থেকে পরীক্ষাটা যেন দিতে পারেন এজন্য দেশবাসীর দোয়া চাইলেন সানি।
সানি বলেন ‘এখন দেশবাসীর কাছে এ দোয়াটাই চাইবো। আমার হাতে দু’দিন সময় আছে। এ দু’দিনে যেন শারীরিকভাবে সুস্থ হতে পারি। আজকে একটু ভালো লাগছে। গতকাল শরীরের বাজে অবস্থা ছিল। তাড়াতাড়ি সুস্থ হলে হয়তো পরীক্ষাটা দিতে সুবিধা হবে। তবে, বিশ্বাস হারাইনি। হাজার হলেও পরীক্ষা তো পরীক্ষাই। ইনশাআল্লাহ সবার দোয়ায় কামব্যাক করবো।’
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয় তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। চেন্নাইয়ের পরীক্ষায় সন্দেহটা সত্যি প্রমাণিত হওয়ায় দু’জনের ওপর নেমে আসে আইসিসির বোলিং নিষেধাজ্ঞা। দেশে এই কয় মাস বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করে এখন পরীক্ষার মুখোমুখি তারা।
পরীক্ষার আগে একদিন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন করবেন তারা। পরীক্ষা দিয়ে দেশে ফেরার কথা ১১ সেপ্টেম্বর। ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে।








