সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমুল হক জানান, লাশ আনার চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে আরও যারা ছিল তারা পালিয়ে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে তারাই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান, ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।
বৃহস্পতিবার ভোরে কয়েকজন ভারত থেকে চোরাচালানের পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিএসএফ ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানা গেছে।






