স্বাধীনতার ৪৬ বছরেও কোন সরকার শিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে। এটি না সনাতন না অাধুনিক। এতে ব্যক্তিত্ব গঠনের সূত্র কিংবা জাতিগঠনের চিৎশক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে ঢাকা লেডিস ক্লাবে ‘বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শিক্ষাকে কোন সরকার যে গুরুত্ব দেয়নি কয়েকটি দিকে তাকালে তা সুস্পষ্ট হয় বলে মন্তব্য করে ড. এমাজউদ্দিন বলেন, যেকোন সরকারের আমলে যথেষ্ট অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দেয়া হয়নি। ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু সাধারণভাবে দেখা গেছে, কাউকে মন্ত্রী করতে হবে অথচ তার কোন গুরুত্বপূর্ণ পোর্টফোলিও পাওয়া যাচ্ছে না, কিন্তু তাকে শিক্ষামন্ত্রী করা হলো।
তিনি বলেন, এছাড়া বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে সবসময় অল্প বিনিয়োগ হয়েছে। বেশ কয়েক বছর থেকে বিনিয়োগ একটু বাড়লেও জাতীয় পর্যায়ে মানবসম্পদ উন্নয়নের জন্য যা প্রয়োজন এ বিনিয়োগ তার ধারেকাছেও নয়।
ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, শিক্ষা ব্যবস্থার আমুল সংস্কার অপরিহার্য হলেও এ সম্পর্কে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন সার্বিক প্রস্তুতি এবং রাজনৈতিক দৃঢ় সংকল্প।







