শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পাঁজরে আঘাত পেয়েছেন তিনি।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর সাথে সাথেই অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অভিনেতার। বিগ বি বর্তমানে ডাক্তারদের অবজারভেশনে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা।
খবরটি নিশ্চিত করে অমিতাভ তার ব্লগে লিখেছেন, ‘আমি আঘাত পেয়েছি… পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। শুটিং বাতিল করা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়েছি হায়দরাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথা আছে…নড়তে এবং নিঃশ্বাস নিতে ব্যথা লাগে… কয়েক সপ্তাহ লাগবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে। ব্যথার ওষুধও দেয়া হয়েছে।’
এর আগেও শুটিং সেটে আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। ৮০ এর দশকে ‘কুলি’ ছবির শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহ হয়তো আর সুস্থ হবেন না। তবে সব ভয় উড়িয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলিউডে রাজত্ব করেছেন অভিনেতা।
‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া







