বিগত মাস আগস্টে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার। তবে এ সময়ে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে ১টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৩টি বেসরকারি ব্যাংক ও ৩টি বিদেশি ব্যাংকসহ মোট ৮টি ব্যাংক তাদের চ্যানেলে কোন রেমিট্যান্স আনতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে: বিগত মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে এসেছে ৪৭ লাখ ১০ হাজার ডলার।
রেমিট্যান্স না আসা ব্যাংক গুলোর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল। বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতের ব্যাংক গুলোর মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংক।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোন রেমিট্যান্স আসেনি।
জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিলো ২৫৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। তবে জুলাই মাসে এসে ভাটা পড়ে প্রবাসী আয়ে। এসেছিলো ১৯১ কোটি মার্কিন ডলার। যা ছিলো বিগত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আবার ও বাড়তে শুরু করে রেমিট্যান্স প্রবাহ।







