ভারতের কেরালা রাজ্যের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও নিখোঁজ ২০০-রও বেশি মানুষ। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে। একের পর এক উদ্ধার হচ্ছে মৃতদেহ। আর এই পরিস্থিতিতেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন আল্লু অর্জুন।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন আল্লু অর্জুন। সেখানে তিনি লিখেছেন, ‘ভূমিধসে কেরালার যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমাকে এত ভালবাসা দিয়েছে। আমি কেরালার সিএম রিলিফ ফান্ডে ২৫ লাখ রুপি দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’
সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের এই সাহায্যের প্রশংসা করেছেন অনেকেই। অভিনেতার ভক্তরা তাকে নিয়ে গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।
মুক্তির অপেক্ষায় আল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। ফাঁস হয়ে গেছে বেশ কিছু দৃশ্যও।
সূত্র: হিন্দুস্তান টাইমস







