টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিনের অব্যাহত ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে একটি নৌকা ডুবে গেলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্যদিকে আলীকদম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে গেছে এবং কিছু কৃষিজমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।








